শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্ত্রী জামায়াত নেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম
স্বামী-স্ত্রী
expand
স্বামী-স্ত্রী

চুয়াডাঙ্গার দর্শনায় সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর মাত্র ৫৮ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার স্ত্রীও। স্বামীর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন স্ত্রী। ওই দিনই তিনিও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন।

পরে ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান তিনি। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে বাবা-মাকে হারিয়ে এখন এতিম।

পারিবারিক সূত্রে জানা গেছে, দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে সফর উদ্দিন (৪০) জীবিকার প্রয়োজনে সৌদি আরবের আভা শহরে থাকতেন। গত ১০ আগস্ট কর্মস্থলে থাকা অবস্থায় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন।

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ আগস্ট ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

সফর উদ্দিন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক, সাবেক প্যানেল মেয়র ও সাংবাদিক শরীফ উদ্দিনের ভাই।

এদিকে, ১০ আগস্ট স্বামী সফর উদ্দিনের ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর পান তার স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। স্বামীর অসুস্থতার খবর পেয়ে তিনি মারাত্মক মানসিক আঘাত পান। ওই দিনই তিনিও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা যান ববিতা খাতুন।

ববিতা খাতুন দর্শনা থানা মহিলা জামায়াতের সভানেত্রীর দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াতের নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মাত্র ৫৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের স্বামী-স্ত্রীর মৃত্যুতে শোকাহত স্বজনরা। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, তাদের এক ছেলে ও এক মেয়ে অল্প সময়ের ব্যবধানে বাবা-মা দুজনকেই হারিয়েছে।

ববিতা খাতুনের মৃত্যুর খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ঢাকার হাসপাতালে যান। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন।

অন্যদিকে, সফর উদ্দিনের মরদেহ দ্রুত সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মরদেহ দেশে ফেরাতে প্রশাসনিক সহযোগিতার চেষ্টাও অব্যাহত রয়েছে।

স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে শ্যামপুরসহ দর্শনা এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজন, রাজনৈতিক সহকর্মী, প্রতিবেশী ও গুণগ্রাহীরা তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank