শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতার মাদ্রাসা থেকে উদ্ধার ১৩ বস্তা সরকারি ধানের বীজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়ায় এক জামায়াত নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়।

অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। একই সঙ্গে তিনি ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদ্রাসাটি পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ। এ সময় মাদ্রাসার সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে কক্ষটি খোলার নির্দেশ দিলে সেখান থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য এসব বীজ দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব বীজ বিতরণ না হওয়ার কারণ এবং কীভাবে তা একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের মধ্যে বিতরণের জন্য তাদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। বাকি বীজ মাদ্রাসায় রাখা হয়েছিল। ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ বলেন, উদ্ধার করা বীজ স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank