শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহতের আশঙ্কা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৮ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক গুরুতর অসুস্থ ও আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ার্ড সূত্রে জানা যায়, একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি দেখতে সেফটি টিমের সদস্যরা সেখানে যান। এ সময় হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে থাকা কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

ইয়ার্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে ৮ শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনায় আক্রান্ত আরও কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সরকারি ছুটির দিন হলেও ইয়ার্ডে কাজ চালু রাখা হয়েছিল। শ্রমিকদের দিয়ে কাজ করানোর সময়ই ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে না নিয়ে ইয়ার্ডের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া এবং নিহতদের ইয়ার্ডের বিভিন্ন কক্ষে রাখারও অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দুর্ঘটনার প্রকৃত চিত্র আড়াল করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে ইয়ার্ড কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান প্রাথমিকভাবে একজন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতের সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank