শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির অভিযোগে আটক যুবককে পড়তে হলো ১০০ রাকাত নফল নামাজ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:৫৬ এএম
চুরির অভিযোগে আটক যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়ালো স্থানীয় মানুষ
expand
চুরির অভিযোগে আটক যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়ালো স্থানীয় মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে চুরির অভিযোগে আটক এক যুবককে পুলিশের কাছে না দিয়ে স্থানীয়ভাবে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানোর পর ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা রেজাউল করিমে (৩৫) বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে।

অভিযোগের পর স্থানীয়রা তাকে আটক করেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তিনি নিজের ভুল স্বীকার করে তওবা করেন। এরপর তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয় এবং ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবেন না—এমন অঙ্গীকার নেওয়া হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটছিল। তবে অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার প্রায় ৫০ হাজার টাকার মালামাল ও একটি মোবাইল ফোন চুরির চেষ্টা করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। তাকে সংশোধনের সুযোগ দিতেই তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের অবহিত করেনি। বিষয়টি খোঁজখবর নিচ্ছি। তবে চুরির অভিযোগে কাউকে আটক করা হলে আইন অনুযায়ী তাকে পুলিশের কাছে হস্তান্তর করা উচিত।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup