

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনলাইন শপ থেকে শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
গত বছরের নভেম্বরে তার বিরুদ্ধে দায়ের হওয়া এক মামলার প্রেক্ষিতে গত ১২ জুলাই ঢাকার আদালত একটি সমন জারি করেন। এতে আগামী ১৩ আগস্ট তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। মামলা প্রসঙ্গে তানজিন তিশা জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তিনি এতদিন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তিনি দীর্ঘ ১৪ বছর ধরে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং অনেক কষ্ট করে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছেন।
পুরো বিষয়টিকে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিশা। তিনি জানান, তার নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার ঠিক দ্বিতীয় দিনেই তিনি লিগ্যাল নোটিশ পান এবং এর কয়েকদিনের মাথায় মামলা হয়ে যায়।
তার মতে, মানুষ যখন ক্যারিয়ারে ওপরের দিকে উঠতে চায়, তখন কিছু মানুষ পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে, এখানেও ঠিক তেমনটাই ঘটছে।
তিশা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়ি আত্মসাৎ করার জন্য তিনি ১৪ বছর ধরে কষ্ট করে এই অবস্থানে আসেননি। পুরুষতান্ত্রিক সমাজে একজন মেয়ের জন্য ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যে কতটা কঠিন, তা উল্লেখ করে তিনি নিজের ভাবমূর্তি নষ্ট করার এই চেষ্টাকে অযৌক্তিক বলে দাবি করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শর্ত ছিল, তিনি শাড়িটির প্রচারণা (প্রোমোশন) করবেন অথবা মূল্য পরিশোধ করবেন।
কিন্তু পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। এর ফলেই পেজের অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এই মামলাটি করেন।