মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম
সংঘর্ষের প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
expand
সংঘর্ষের প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

শনিবার (৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের যাত্রীরা দীর্ঘ সময় সড়কে আটকে থেকে দুর্ভোগ পোহান।

স্থানীয় সূত্রে জানা যায়, শীতলপুর এলাকার পশ্চিম পাশে অবস্থিত এম রহমান নামের একটি পরিত্যক্ত পুরাতন জাহাজ ভাঙা কারখানাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এ অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল এবং তাদের সহযোগিতায় একটি পক্ষ সক্রিয়ভাবে কাজ করছিল।

শনিবার বিকালে স্থানীয় বাসিন্দারা ওই পরিত্যক্ত শিপইয়ার্ডে গিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ জানালে সেখানে অবস্থানরত একদল লোক তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন এলাকাবাসী। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হামলার ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা মহাসড়কে নেমে আসে এবং ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে। এতে তাৎক্ষণিকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মাহবুল আলম অভিযোগ করে বলেন, অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলনের কারণে তাদের গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নদী ভাঙনের ঝুঁকি বেড়ে গেছে এবং বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়রা সন্ত্রাসী হামলার শিকার হন। এরই প্রতিবাদে তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেন।

অন্যদিকে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে অবরোধ তুলে নিতে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে।

পরে প্রশাসনের আশ্বাসে বিকাল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। প্রায় আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup