

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিশুসহ বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়িতে একটি অনুষ্ঠান শেষে যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের বোয়ালখালীর দিকে যাচ্ছিল। পথে পেলাগাজি দিঘী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে।
নিহতরা হলেন— উপজেলার হারুয়ালছড়ির হাজারীখিল উরাং পাড়ার যুগেশ উরাংয়ের ছেলে উত্তম উরাং (১৮), তপন উরাংয়ের ছেলে তপু উরাং (১৪), রাম উরাংয়ের ছেলে নয়ন উরাং (১৫) এবং পশ্চিম নলুয়া পাড়ার মন্দারাম ত্রিপুরার ছেলে কিনা কুমার (ফয়ানা) (২৫)।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী জানান: "আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।"
স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব জানান, নিহত চারজনের মধ্যে তিন কিশোর স্কুল বন্ধ থাকায় রাজমিস্ত্রির সহকারীর কাজে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় কবলিত হন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
মন্তব্য করুন