

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) তিনি মহসিনের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত স্বজনদের সান্ত্বনা দেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও শওকত আজম খাজাসহ মহানগর বিএনপি'র নেতৃবৃন্দ।
জানা গেছে, গত সোমবার (২ মার্চ ২০২৬) স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটের দিকে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দায়িত্ব পালনকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা একটি ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তার মাথায় পড়ে, এতে ঘটনাস্থলেই মারা যান আবুল মহসিন।
এমপি সাঈদ আল নোমান বলেন, প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের মর্মান্তিক অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর একমাত্র মেয়ে তাসনিম তামান্নার সঙ্গে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে তার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছি।
তিনি আরও জানান, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছি। আমাদের ভাই, রেমিট্যান্স যোদ্ধা মহসিনের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে যথাযথ মর্যাদায় দেশে আনার ব্যবস্থা করা হয়েছে।
এমপি আরও বলেন, প্রবাসে কর্মরত আমাদের ভাইয়েরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ঘামে-রক্তে অর্জিত রেমিট্যান্স আমাদের উন্নয়নকে গতিশীল করছে। তাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা মহসিনের পরিবারের পাশে আছি। নগর বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিচ্ছি।
এসময় বিএনপির স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহত আবুল মহসিনের স্বজনরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন