শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ বছর পর চাঁদপুরে যাচ্ছেন তারেক রহমান, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী ব্যাপক তৎপর রয়েছে। উজ্জীবিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল পুন:খনন, ফ্যামিল কার্ড বিতরণ ও দলীয় নেতাদের সাথে মতবিনিময় এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচি।

গত কয়েকদিন প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শাহরাস্তি উপজেলার ওয়ারুক খোর্দ্দ খাল, সদরের ঘোষেরহাট বিশ্ব খাল পুন:খনন এর উদ্বোধনী স্থান প্রস্তুত করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

এছাড়াও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক সংস্কার ও সজ্জিত করণ করা হয়েছে। চাঁদপুর শহরেও আনা হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা।

প্রধামন্ত্রীর আগমণ উপলক্ষ্যে কর্মসূচির উদ্বোধনী স্থান একাধিকবার পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। এছাড়াও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান এসব কাজের তদারকি করছেন।

প্রধানমন্ত্রীর এসব কর্মসূচি বাস্তবায়নে গত বেশ কয়েকদিন তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল প্রস্তুতিমূলক সভা, স্বাগত মিছিল ও অন্যান্য কর্মসূচি পালন করছে। জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পর্কে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর সূচির ৫টি ভ্যানুতে আমাদের পাঁচটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই কাজে নিয়োজিত থাকবেন প্রায় ২হাজার পুলিশ সদস্য। জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই প্রথম চাঁদপুরে সফর। এই সফরে চাঁদপুরবাসী ও আমরা আনন্দিত। মূলত তিনি সরকারি তিনটি কর্মসূচি উদ্বোধন করবেন। এর মধ্যে শাহরাস্তির ওয়ারুক খোর্দ্দ খাল, সদরের ঘোষেরহাটে বিশ্বখাল পুন:খনন এবং চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। চাঁদপুরের ফ্যামিলি কার্ড উদ্বোধনের পাশাপাশি দেশের আরো ২২ জেলার ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন।

তিনি আরো বলেন, চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। সকলে সক্রিয়, সচেতন ও সচেষ্ট আছে। যেসব স্থানে নিরাপত্তার প্রয়োজন তা করা হয়েছে। আশা করছি আমরা প্রধানমন্ত্রীর এই সফর সফলভাবে সম্পন্ন করতে পারবো।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমন ও তার বক্তব্য শুনার জন্য চাঁদপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ তিনি দেশের জনগণকে নিয়ে ভাবেন। ফ্যাসিবাদের সময় চাঁদপুরে কোন উন্নয়ন কাজ হয়নি। আমরা উনার কাছে চাইব, তিনি যেন আমাদের নদী ভাঙনে স্থায়ী বাধ নির্মাণ করে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন