মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রণক্ষেত্র, আহত ১৫

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের লোকজনের ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাহবাজপুর মুন্সিহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি নেতা শাহীন আলমের বড় ভাই হাজি বিল্লাল মিয়ার সঙ্গে একই এলাকার ইলিয়াস মিয়া ও আওলাদ হোসেনের লোকজনের মধ্যে ১ দশমিক ৮১ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এছাড়াও সরাইলের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় পক্ষের লোকজনের পাল্টাপাল্টি পোস্ট দেওয়ার ঘটনাতেও উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সকালে সেই উত্তেজনাকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বর্তমান ইউপি সদস্য মালেক মিয়াসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইউপি সদস্য মালেক মিয়ার অভিযোগ, সকালে বিল্লাল মিয়ার লোকজন তাদের বাড়ির লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে ইলিয়াস মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে তারা আইনের আশ্রয় নিয়েছেন। তাদের দাবি, বিল্লাল মিয়ার বাড়ির অংশে তাদের প্রায় চার হাত জায়গা রয়েছে।

হাজি বিল্লাল মিয়ার ছেলে আশরাফুল আলম পাভেল বলেন, জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ রয়েছে। তবে গতকাল থেকে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার পর আজ তাদের ওপর হামলা চালানো হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা শাহীন আলম মুঠোফোনে জানান, সংঘর্ষে তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank