মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনে নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনে নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন
expand

ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার সামনে শোডাউন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সহসভাপতি সানি শাহের নেতৃত্বে রোববার সকালে পৌর শহরের টিএ রোড, থানা ব্রিজ ও মঠের গোড়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

কার্যক্রম নিষিদ্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্তের ফেসবুক আইডিতে পোস্ট করা ভিডিও থেকে এসব তথ্য জানা যায়। রোববার দুপুর আড়াইটার দিকে এক মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তিনি।

জানা যায়, রোববার সকাল ৭টার দিকে শহরের কাজীপাড়া এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি সানি শাহের নেতৃত্বে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী কাজী মাহমুদ শাহ গেট দিয়ে শহরের প্রধান সড়ক টিএ রোডে প্রবেশ করেন। সেখান থেকে বিভিন্ন স্লোগান দিয়ে গোড়াপট্টি ও থানা ব্রিজের ওপর দিয়ে সদর থানার পাশের সড়ক হয়ে মঠের গোড়া ও ফায়ার সার্ভিস অফিসের দিকে যান।

মিছিলের সামনে জেলা ছাত্রলীগের সহসভাপতি সানি শাহকে জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায়। তার পেছনে ব্যানারসহ অর্ধশতাধিক নেতাকর্মী সাদা টুপি ও মাস্ক পরে স্লোগান দেন। মিছিলে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাঁধানো ছবি বহন করা হয়। ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ছবিও দেখা যায়।

মিছিল শেষে জেলা সমবায় মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে জেলা ছাত্রলীগের সহসভাপতি সানি শাহ বক্তব্য দেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আজ সবাই সমবেত হয়েছি।’ জেলা ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা ছাত্রদলের অস্ত্র ও রক্তের রাজনীতির বিরুদ্ধে ফুল ও ভালোবাসা দিয়ে রাজপথ জয় করব।’

এদিকে মিছিলের ভিডিও রোববার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জেলা শহরে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘থানার সামনে এমন মিছিল করার সুযোগ নেই। ভিডিওতে বিভিন্ন স্থানের বিচ্ছিন্ন কিছু ফুটেজ দেখা গেছে। সন্ত্রাস দমনে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank