

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জলাশয়ে ড্রেজার বসিয়ে বালু ফেলে চলছিল ভরাটের কাজ। তবে উপজেলা প্রশাসনের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি করে সেখান থেকে সরে পড়েন ভরাটকারীরা। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও অবৈধ ভরাটকাজে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার-মোগড়া সড়কের পাশের একটি নিচু জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে বালু ফেলে জলাশয়টি ভরাট করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভরাটকাজে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ড্রেজিংকাজে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে কোনো জলাশয় ভরাটের সুযোগ নেই। পরিবেশ, কৃষিজমি ও জলাশয় রক্ষায় এ ধরনের অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।


