সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে বিএনপির অফিসহ ৪ দোকান আগুনে পুড়ে ছাই

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই
expand
চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপির কার্যালয়সহ চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক ১টার দিকে। এই ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মসজিদের মাইক দিয়ে ঘোষণা করলে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করতে পারেনি।

নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ জানান, নাটঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ধানের শীষের পথসভা করে এসেছি।

পথসভা শেষে ফুটবল মার্কার সমর্থক হযরত আলী ফোনে হুমকি দিয়েছে। রাত ১১টায় বাড়িতে ফিরি। ফেরার পর নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন লাগানো হয়। আগুন লাগানোর পর অফিসের আশেপাশের দোকানগুলো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্রামবাসীর পক্ষে জাহাঙ্গীর আলম জানান, রাত ১টার দিকে বাজারে দুর্ঘটনা ঘটে। সেই সময় কেউ আগুন দেখতে পায়নি।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ প্রথমে আগুন দেখতে পান এবং পরে মাইক দিয়ে ডাক দেওয়ার পর আমরা বাজারে আসি। আমরা শুনেছি বিএনপির অফিসের বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ মনির বলেন, বাজারের পাশে আমার বাড়ি। রাতে আগুন লাগার পর যখন বাজারে আসি, তখন আবু হানিফ আমাকে বললেন যে বিদ্যুৎ থেকে আগুন লেগেছে। রাতে প্রশাসন এসে তদন্তও করে গেছে।

এদিকে ঘটনার দিন সকালে ঘটনাস্থে উপস্থিত হয়ে পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর সংসদীয় আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অ্যাড. এমএ মান্নান।

তিনি বলেন, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমাদের প্রতিপক্ষ একজন স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার কিছু সন্ত্রাসী বিভিন্ন স্থানে ধানের শীষের ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং আমাদের ব্যানার নামিয়ে ফেলছে। এ বিষয়ে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

জেলা বিএনপির সদস্য হযরত আলী বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমি কাউকে হুমকি দিইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

কিছুদিন আগেও কোনাউর গ্রামে তারা নিজেরাই ধানের শীষের অফিসে আগুন লাগিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল। পরে প্রশাসন তদন্ত করে দেখে যে তারা নিজেরাই আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান,একুইছড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত প্রায় ১ দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন