সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাঁকদহ গ্রামে প্রয়োজন নিজস্ব ভোটকেন্দ্র

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৬:২৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শাঁকদহ গ্রামের হাজারের অধিক ভোটার দীর্ঘ কয়েক যুগ ধরে তাদের ভোটাধিকার প্রয়োগে চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন।

ভৌগোলিক বিড়ম্বনা আর প্রশাসনিক সদিচ্ছার অভাবে নিজস্ব গ্রামে কোনো ভোটকেন্দ্র না থাকায়, প্রতি নির্বাচনে তাদের দীর্ঘ সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে অন্য কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়। এতে বিশেষ করে প্রবীণ, অসুস্থ ও নারী ভোটারদের গণতান্ত্রিক অধিকার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শাঁকদহ গ্রামটি ভৌগোলিকভাবে প্রতিবেশী শেরপুর উপজেলার সীমানার ভেতরে অবস্থিত। বাঙালি নদীর পশ্চিম পাড়ে ধুনট উপজেলার এই একমাত্র গ্রামটির তিন পাশেই শেরপুর উপজেলার বেষ্টনী। প্রশাসনিকভাবে ধুনট উপজেলার অন্তর্ভুক্ত হলেও এই গ্রামের ভোটারদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ‘পেঁচিবাড়ি’ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হয়।

গ্রামের স্থায়ী বাসিন্দা মো. আবুল কালাম আজাদ, মো. শামছুল হক, মো. তারিকুল ইসলাম, মো. মামুনুর রশীদ, মো. বদরুল আলম সহ আনেকের সাথে কথা বলে জানা যায়, শাঁকদহ ও পেঁচিবাড়ি গ্রামটি পাশাপাশি হলেও, মাঝখান দিয়ে প্রবাহিত আছে বাঙালি নদী। যার ফলে সাত কিলোমিটার পথ ঘুরে গিয়ে ভোট দেওয়া কেবল শারীরিক কষ্ট নয়, বরং সাধারণ মানুষের জন্য এটি এক বিশাল আর্থিক ও সময়ের অপচয়। বর্তমান যাতায়াত ভাড়ার ঊর্ধ্বগতির কারণে অনেক দরিদ্র শ্রমজীবী ভোটারের পক্ষে অর্থ ব্যয় করে এত দূরে ভোট দিতে যাওয়া সম্ভব হয় না। ফলে প্রতি নির্বাচনেই বিপুল সংখ্যক ভোটার রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহ হারিয়ে ফেলেন। বিশেষ করে অসুস্থ ও জরাগ্রস্ত প্রবীণদের জন্য এই দীর্ঘ পথযাত্রা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও স্বাধীনতার দীর্ঘ সময় পার হওয়ার পরেও শাঁকদহ গ্রামে একটি ভোটকেন্দ্র বা সাব-ভোটকেন্দ্র স্থাপনের কোনো কার্যকর উদ্যোগ আজও দৃশ্যমান হয়নি। অথচ গ্রামটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় স্থাপনা রয়েছে যা অনায়াসেই ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা সম্ভব। দীর্ঘদিনের এই অবহেলায় গ্রামবাসীর মনে গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে। অত্র গ্রামের বাসিন্দা নাহিদ হাসান রবিন বলেন গত ১০ মে তারিখে গ্রামের অর্ধশত লোকজনের স্বাক্ষরিত একটি আবেদন বগুড়া জেলা নির্বাচন অফিসার বরাবর প্রদান করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার মো. ফজলুল করিম আশ্বস্ত করে বলেছেনÑ ভৌগলিক অবস্থানের বিষয় চিন্তা করে ভোট কেন্দ্র করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, শতভাগ ভোট নিশ্চিত করতে এবং নাগরিক সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শাঁকদহ গ্রামে একটি স্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করা দরকার। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের দ্রুত এবং কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসী। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে শাঁকদহবাসীকে আর সাত কিলোমিটার দূরের কেন্দ্রে যেতে হবে না; বরং নিজ গ্রামেই উৎসবমুখর পরিবেশে তারা তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন