

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিকল্পিত ড্রেন নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, মহাসড়কের উন্নয়নকাজে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার দশমাইল আরডিএ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন গাড়িদহ ইউনিয়ন বিএনপির নেতা রাশেদুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক শাহাদত হোসেন, শিক্ষক কোরবান আলী আনসারী, আব্দুল খালেক, আব্দুল্লাহ, মতিউর রহমান, শফিকুল ইসলাম, স্বপ্না খাতুন ও সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিসিএল (CPCL) মহাসড়কের উন্নয়নকাজে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না করায় সড়কের দুই পাশে পানি জমে থাকছে। এতে আশপাশের বসতবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ছে। বর্ষা মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
তাঁরা আরও অভিযোগ করেন, মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানান বক্তারা।