সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় খাটের নিচে মিলল জেলেদের ৩৪ বস্তা সরকারি চাল

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলায় একটি বসতঘরের খাটের নিচ থেকে জেলেদের বিশেষ খাদ্য সহায়তার ১ হাজার ১৭০ কেজি (৩৪ বস্তা) সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকার দিদার মসজিদ সংলগ্ন মো. জসিম সর্দারের বসতঘর থেকে এই চাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর মালিক মো. জসিম সর্দার পালিয়ে যান। অভিযুক্ত জসিম স্থানীয় একটি বাজারের মুদি দোকানদার বলে জানা গেছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের দেওয়া জেলেদের বিশেষ খাদ্য সহায়তার চাল অবৈধভাবে মজুদের গোপন সংবাদের ভিত্তিতে জসিম সর্দারের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে তার বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৩৪টি বস্তা ভর্তি চাল পাওয়া যায়। এর মধ্যে ৩০ কেজি ওজনের ২৪টি বস্তা এবং ৫০ কেজি ওজনের ৯টি বস্তা রয়েছে। পরে উদ্ধারকৃত চাল জব্দ করে উপজেলা মৎস্য অফিসের জিম্মায় রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বসতঘর থেকে জেলেদের খাদ্য সহায়তার মোট ১ হাজার ১৭০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। চালগুলো অবৈধভাবে কেন এবং কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, "জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিক্রি বা এভাবে ব্যক্তিগতভাবে মজুদ করার কোনো সুযোগ নেই। এছাড়া কোনো সাধারণ ব্যক্তির কাছে এত চাল থাকারও কথা নয়।" এই ঘটনায় জড়িত অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন