বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা-সার্বভৌমত্বে কোনো আপস নয়: ফয়জুল করীম

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
expand
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্তের চেষ্টা করে, তবে তার পরিণতি ভালো হবে না। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই ঐতিহাসিক অর্জন নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।

বুধবার (৫ আগস্ট) বিকেলে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল নগরের টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আত্মমর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি দাবি করেন, দেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবসময় ঐক্যবদ্ধ থাকবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। দেশে কোনো ধরনের বৈষম্য ও বিভেদ রাখা যাবে না। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ‘হেলমেট বাহিনী’র উপস্থিতির অভিযোগ তুলে তিনি বলেন, অতীতের সেই ভয়াবহ সময়ের পুনরাবৃত্তি দেশের মানুষ দেখতে চায় না। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত না হলে মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন কাফরা, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহকারী সম্পাদক মাওলানা নাসির উদ্দীন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি সৈয়দ নাসির আহমদ কাউসার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর এবং ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন