সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন জামায়াত নেতা শামীম

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম
বরগুনা জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান।
expand
বরগুনা জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান।

বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও মর্মাহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বরগুনা জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান।

রোববার ( ২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের সাথে এ দুঃখ প্রকাশ করেন তিনি। এর আগে শুক্রবার উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালি এলাকায় জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভায় এ বক্তব্য দেন।

বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। সে উদাহরণ হিসেবে তিনি ২৫ ডিসেম্বর ২০২১ তারিখে জাগোনিউজ২৪–এ প্রকাশিত "দিনে মাদকসেবীদের আড্ডা, রাতে যৌনকর্মীদের দখলে সোহরাওয়ার্দী উদ্যান" শীর্ষক প্রতিবেদনের কথা উল্লেখ করেন। এছাড়া অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর মাদকসেবনে জড়িত থাকার ঘটনাও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে এবং সে সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক উদ্যোগে বর্তমানে এসব অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে—এমন তথ্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

তবে বিষয়টি উপস্থাপনের ক্ষেত্রে তার শব্দচয়ন ও প্রকাশভঙ্গিতে অনিচ্ছাকৃত ভুল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরকম অনভিপ্রেত ভুলের কারণে সংশ্লিষ্ট সকলের কাছে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সমীচীন ভাষা ব্যবহারে সচেষ্ট থাকবেন বলে জানান।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। নারী-পুরুষ নির্বিশেষে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও তাদের ভূমিকা একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা জাগিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক বক্তব্যে পারস্পরিক শ্রদ্ধা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন