মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বন্ধ থাকা ‘জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট’ চালুর দাবি সংসদে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাগেরহাটের ‘জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট’ পুনরায় চালুর দাবি জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি সংসদে তুলে ধরেন তিনি।

সংসদে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বাগেরহাটের জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্টটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একসময় এ প্রতিষ্ঠানে দর্জি বিজ্ঞান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রশিক্ষণের মাধ্যমে হতদরিদ্র ও বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হতো।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এর ভবন ও অবকাঠামোও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি নতুন করে চালু করা হলে এতিম-দুস্থদের লালন-পালনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

স্থানীয়রা জানান, একসময় প্রতিষ্ঠানটি এতিম ও দুস্থ শিশুদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় বেকারদের কারিগরি প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটি এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সংসদে প্রতিষ্ঠানটি পুনরায় চালুর দাবি ওঠায় তারা বাগেরহাট -২ আসেন সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।

জানা যায়, ১০ থেকে ১৮ বছর বয়সী এতিম ও দুস্থ শিশুদের লালন-পালন এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৪ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস এম মোস্তাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে ৩ দশমিক ৯০ একর জমির ওপর ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি চালু হলে এতিম ও অসহায় শিশুদের পাশাপাশি স্থানীয় বেকারদেরও প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন বাগেরহাটবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank