বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরোনো ভবনের গেটের সামনে গ্যাস লিকেজ থেকে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সচালক ফরিদ হোসেন দগ্ধ হয়েছেন। ছড়িয়ে পড়া আগুনে পাশে থাকা আরও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে একজন রোগীকে হাসপাতালে নেওয়া হয়। রোগী ওঠার আগেই হঠাৎ অ্যাম্বুলেন্সটিতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশে থাকা আটটি মোটরসাইকেলেও আগুন ধরে যায়। এতে হাসপাতাল চত্বরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। সেখানে একটি অ্যাম্বুলেন্স ও পাশে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থলটি হাসপাতালের একটি দোতলা ভবনের সামনে হওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। দুপুর ১২টা ৫৫ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে আগুন ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ অ্যাম্বুলেন্সচালককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, একজন শিশু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি এসেছিল। গাড়িটি পার্ক করার পর চালকের সহকারী গাড়ির পেছনের দরজা খুলছিলেন এবং চালক ভেতরে বসে ছিলেন। এ সময় হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে বিকট শব্দ হয়।

বাগেরহাটের সিভিল সার্জন আ. স. ম. মাহাবুবুল আলম বলেন, মাসিক সভা চলাকালে হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে এবং পাশে থাকা আরও সাত থেকে আটটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি বলেন, ঘটনার পরপরই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে মূল হাসপাতাল ভবনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহত অ্যাম্বুলেন্সচালককে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিভিল সার্জন আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুরোনো ও বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোর গ্যাস ও অক্সিজেন সিলিন্ডারের মেয়াদ এবং গাড়ির ফিটনেস নিয়মিত পরীক্ষা করা জরুরি। মেয়াদোত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ সিলিন্ডারের ব্যবহার বন্ধ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বাগেরহাট সদর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরনের বিপর্যয় থেকে হাসপাতাল রক্ষা পেয়েছে। তবে এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার স্থান ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন