বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৩:৪১ এএম
বাগেরহাটের চিতলমারী উপজেলা
expand
বাগেরহাটের চিতলমারী উপজেলা

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ তাণ্ডবে রাজীব শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত এ সহিংস ঘটনা চলে। পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি বসতঘরে আগুন দেওয়া হয় এবং ঘরের মালামাল লুটপাট করা হয়। অভিযোগ রয়েছে, বিশ্বাস বংশের হামলায় ফারুক শেখের ছেলে রাজীব শেখ নিহত হন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিশ্বাস বাড়ির সন্ত্রাসী বাহিনী আমাদের শেখ বাড়ির প্রায় ৩০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। তারা সোনাদানা, নগদ টাকা-পয়সাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে এবং বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী রিপন শেখ অভিযোগ করেন, আমাদের বংশের ২০ থেকে ৩০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদ বিশ্বাসের বিরুদ্ধে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তার নেতৃত্বে এ হামলা হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এতে রাজীব শেখ নামে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup