

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জ-মুক্তারপুর উড়ালসড়কের পাইলিং কাজের সময় তিতাস গ্যাসের মূল লাইনে ফাটল ধরে আগুন লেগেছে।
এ ঘটনায় এক পথচারী দগ্ধ হয়েছেন এবং পাশের একটি থাই গ্লাসের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায়।
ফতুল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুল হালিম জানান, উড়ালসড়কের পাইলিংয়ের সময় অসাবধানতাবশত তিতাসের মূল সরবরাহ লাইনে ছিদ্র হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে মাটি চাপা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, এতে আগুন নিভে গেলেও গ্যাস নির্গমন চলতে থাকে। পরে ফায়ার সার্ভিস এসে তিতাস কর্তৃপক্ষকে খবর দিলে তারা মূল সরবরাহ লাইন বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ জোনের প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, উড়ালসড়কের নির্মাণ কাজের সময় গ্যাস লাইনে ফাটল ধরে আগুন লাগে। মেরামতের কাজ শুরু হয়েছে, কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। আশা করছি রাতের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে।
তিনি আরও জানান, মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা এবং আশপাশের সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, বিকেএমইএর সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিকাল থেকে নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও ফতুল্লা শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গার্মেন্টস ও স্পিনিং মিলগুলো গ্যাসের অভাবে কার্যক্রম বন্ধ রেখেছে। পাশাপাশি বাসাবাড়িতেও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন দ্রুত মেরামত করে রাতে সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
মন্তব্য করুন
