শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযান চলছে ঠিকই, তবুও থামছে না মাছ শিকার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম
স্থানীয় বাজার থেকে ছবিটি তোলা-এনপিবি
expand
স্থানীয় বাজার থেকে ছবিটি তোলা-এনপিবি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে দেশব্যাপী চলছে সরকার ঘোষিত বিশেষ অভিযান।

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সময়টিকে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।

আইন অমান্যকারীর জন্য রয়েছে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডের বিধান।

তবে এসব কঠোর নিষেধাজ্ঞা ও নিয়ম থাকলেও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন নদী ও চরাঞ্চলে গভীর রাতে চলছে অসাধু জেলেদের ইলিশ শিকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে গোপনে মা ইলিশ ধরছেন কিছু জেলে। পরদিন সকালে উপজেলার গ্রামীণ বাজার ও অলিতে-গলিতে সেই ইলিশ বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রায়পুরের ২নং চরবংশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল ৭টার দিকেও একাধিক বিক্রেতা প্রকাশ্যে বসে ইলিশ বিক্রি করছেন।

এমনকি ইউনিয়নের বিভিন্ন গলিতেও ছোট ছোট হাটে মাছ বিক্রি চলতে দেখা যায়। স্থানীয়রা বলছেন, প্রশাসনের অভিযান মূলত দিনের বেলাতেই সীমাবদ্ধ, ফলে রাতের অন্ধকারে ও ভোরের দিকে এসব বিক্রি চলে নির্বিঘ্নে।

অভিযান চলমান থাকলেও প্রশাসনের নজর এড়িয়ে এমন কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা বলছেন, নিয়মিত টহল ও কঠোর নজরদারি না থাকায় অসাধু জেলেরা সুযোগ নিচ্ছে।

রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. রাশেদ হাসান বলেন, আমরা প্রতিদিনই নদীতে অভিযান পরিচালনা করছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন