সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে কোরআন শিক্ষা কর্মসূচিকে ঘিরে মুখোমুখি বিএনপি-জামায়াত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:২৮ এএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা মডেল মসজিদে জামায়াতে ইসলামীর নারী সংগঠনের কোরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের একটি কক্ষ ভাড়া নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগের উদ্যোগে কোরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্থানীয় কয়েকজন নেতা সেখানে উপস্থিত হয়ে কর্মসূচির বিষয়ে জানতে চান। জামায়াত নেতারা এটিকে কোরআন শিক্ষা প্রশিক্ষণ বলে দাবি করলেও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ ছিল, সেখানে গোপন রাজনৈতিক বৈঠক চলছিল।

এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। ঘটনার একপর্যায়ে দুটি মাইক্রোবাস দ্রুত স্থান ত্যাগ করলে বিএনপি নেতাকর্মীদের সন্দেহ আরও বৃদ্ধি পায়। তাদের দাবি, ওই গাড়িগুলোতে অস্ত্র থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তিন জামায়াত কর্মী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে।

এদিকে এ ঘটনার পর ‘জুলাই সনদ’ নামের একটি ফেক আইডি থেকে দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়ার ‘পরকিয়া’ সংক্রান্ত দাবি করে একটি পোস্ট দেয়া হয়। এই পোস্টটি শেয়ার করে উপজেলার কুনিয়াচাঁদপুর গ্রামের আজিজের ছেলে ও দামুড়হুদা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শিবিরের সভাপতি সুমন। সেই শেয়ারের পর বিএনপির ক্ষুব্ধ কর্মীরা সুমনকে তার দোকান থেকে ধরে এনে মারধর করে। এরপর আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াতের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে।

খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহি কর্মকর্তা লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমসহ প্রশাসনের কর্মকর্তারা ও দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষই স্থান ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে থাকার কথা জানানো হয়েছে।

দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, মসজিদ একটি রাজনৈতিক দলের কার্যালয় হতে পারেনা। আমরা মডেল মসজিদ মিলনায়তনে মিটিং করতে চাইলে কর্তৃপক্ষ আমাদের অনুমোদন দেয়না। ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে আমাদের দলের নেতাকর্মীদের চরিত্র হনন করা হচ্ছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপি-জামায়াত আলাদা মিছিল বের করলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নেতৃবৃন্দের সাথে কথা বলে উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহি কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup