

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে রাকের টেকি পর্যন্ত সড়কের পুননির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় বৃষ্টিতেই উঠে যেতে শুরু করেছে নতুন পিচ।
কোথাও হাত দিলেই উঠে আসছে কার্পেটিং, আবার যানবাহন চলাচলের সময় গাড়ির চাকার সঙ্গে উঠে যাচ্ছে পিচ।
এতে নতুন সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাজধানীর অদূরে গুরুত্বপূর্ণ শিল্প এলাকা মির্জাপুরের গোড়াই। শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এ সড়কে। গুরুত্বপূর্ণ গোড়াই-রাকের টেকি সড়কের পুনর্নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় উঠে যেতে শুরু করেছে নতুন কার্পেটিং।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পর সড়কের বিভিন্ন স্থানে পিচ আলগা হয়ে গেছে। কোথাও হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে, আবার যানবাহন চলাচলের সময় গাড়ির চাকার সঙ্গে উঠে আসছে পিচ।
এতে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে সরকারের উন্নয়ন ব্যয় নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজে অনিয়মের কারণেই নতুন সড়কের এমন বেহাল অবস্থা।
কাদার উপর সামান্য খোয়া ও বালি দিয়ে তড়িঘড়ি করে কার্পেটিং করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সেই কার্পেটিং নষ্ট হয়ে গেছে। জানা গেছে, ৪৬০ মিটার সড়কটির পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা। কাজটি বাস্তবায়ন করেছে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।
ঠিকাদার তারেক খান বলেন, বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় সংস্কার করে সড়কটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা মনির,কাদের,রিপন দাবি করে বলেন, শুধু ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করলেই দায়িত্ব শেষ নয়। নিম্নমানের কাজের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে কার্যকর তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জানান, ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করা হয়েছে। ঠিকাদারকে দ্রুত মানসম্মতভাবে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।