বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের মারামারি, আহত ২

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
আহত ব্যক্তি
expand
আহত ব্যক্তি

চট্টগ্রামের মীরসরাইয়ে আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খেলা চলাকালে গোল উদযাপনকে কেন্দ্র করে শুরু হওয়া কথাকাটাকাটি একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের দুই সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু (৩৫) এবং আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)। তাদের মধ্যে মাঈনুদ্দিন মিঠুর নাক ও চোখে গুরুতর আঘাত লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আর্জেন্টিনা–মিশর ম্যাচ চলাকালে মিশর গোল করলে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু উল্লাস প্রকাশ করেন। এ সময় আর্জেন্টিনা সমর্থক সাকিবের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে মিঠুর নাক ফেটে যায় এবং চোখে গুরুতর আঘাত লাগে। অপরদিকে সাকিবের মাথায় আঘাত লেগে কেটে যায়।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মাঈনুদ্দিন মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, মধ্যরাতে খেলা নিয়ে সৃষ্ট বিরোধের ঘটনায় আহত এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার নাক ও চোখে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণ ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup