

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে নৃশংস নির্যাতন ও লুটপাটের শিকার হওয়া সেই অসহায় বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা মারা গেছেন।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার দুপুরে ইউএনও মাসুদ রানা নিজেই মেথিকান্দা রেলওয়ে স্টেশনে গিয়ে বৃদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি তার নিরাপদ বসবাসের জন্য একটি কক্ষের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এর আগে, ৫ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ওই অসহায় বৃদ্ধার ওপর নির্যাতন ও লুটপাটের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
বৃদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইউএনও মাসুদ রানা বলেন, দায়িত্ব গ্রহণের দিনই রাতে তার মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বৃদ্ধার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এখন সকলের প্রশ্ন—এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতরা কবে আইনের আওতায় আসবে এবং অসহায় এই বৃদ্ধার মৃত্যুর বিচার কত দ্রুত নিশ্চিত হবে।