

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে আশরাফুল ইসলাম তানভীর (১০ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা।
বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর ওই এলাকার বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে। দুর্ঘটনার সময় মা ও শিশু ঘরের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে তাদের বসতঘরের ওপর পড়ে গেলে পুরো ঘরটি মাটিচাপা পড়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে মা ও শিশুকে গুরুতর আহত অবস্থায় বের করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ১০ মাস বয়সী তানভীরকে মৃত ঘোষণা করেন। আহত মা প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েক দিনের টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম ও দুর্বল হয়ে পড়েছিল। এরই মধ্যে বুধবার সকালে আকস্মিকভাবে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।
খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসন ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
স্থানীয়দের অভিযোগ, জঙ্গল সলিমপুরের পাহাড়ঘেঁষা ছিন্নমূল এলাকায় দীর্ঘদিন ধরে হাজারো পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। প্রতি বর্ষা মৌসুমেই পাহাড় ধসের আশঙ্কা থাকলেও ঝুঁকিপূর্ণ বসতি অপসারণ কিংবা স্থায়ী পুনর্বাসনে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। তাদের দাবি, সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হলে এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে এড়ানো সম্ভব।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে প্রশাসন পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।