

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার তালতলীতে বন বিভাগের জমির গাছ কেটে এবং মাটি ভরাট করে অবৈধভাবে রাস্তা ও স্থাপনা নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্য শহীদ আকনসহ পাঁচজনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৫ জুলাই) বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, তালতলী উপজেলার সকিনা বিটের নিন্দ্রার চর এলাকায় বন বিভাগের জমির গাছ কেটে ও মাটি ভরাট করে স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য শহীদ আকন, মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও মো. নেকিয়ার হোসেন অবৈধভাবে রাস্তা ও স্থাপনা নির্মাণ করেন।
এ ঘটনায় গত ২৬ এপ্রিল তালতলী সকিনা বিট কর্মকর্তা মো. রাহিমুল ইসলাম জুমেল, বন আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত পাঁচজন রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালতলী বন বিভাগের সকিনা বিট কর্মকর্তা মো. রাহিমুল ইসলাম জুমেল বলেন, আইনের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে ইউপি সদস্য শহীদ আকনসহ কয়েকজন বন বিভাগের গাছ ও মাটি কেটে রাস্তা ও স্থাপনা নির্মাণ করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আদালত আজ তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. আবু বকর বলেন, বন বিভাগের দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ পাঁচজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।