

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাথার ওপর ছাদ নেই, তাই নিয়তিকে মেনে নিয়েই রাতের আশ্রয় হয়েছিল বাজারের একটি দোকানের সামনের ফুটপাতে। কিন্তু সেখানেও নিরাপদ থাকতে পারলেন না এক মধ্যবয়সী নারী। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণের এক নির্মম ঘটনা ঘটেছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায়।
ঘটনার ৪ দিন পর শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বিজয়পুর বাজার এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে এই বর্বরতার ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজটি বিশ্লেষণ করে দেখা যায়, তখন ভোর ৪টা ৮ মিনিট। চারপাশ জনমানবহীন। ফুটপাতে এক মাঝবয়সী নারী ঘুমিয়ে আছেন। এ সময় সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই নারীর কাছে এগিয়ে আসেন। পরিবেশ সুনসান থাকার সুযোগ নিয়ে তিনি ওই নারীকে ধর্ষণ করেন এবং ঘটনা শেষেই দ্রুত স্থান ত্যাগ করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওর সূত্র ধরেই পুলিশ প্রথম বিষয়টি জানতে পারে। এরপর দ্রুত প্রযুক্তির সহায়তায় ও স্থানীয়দের দেওয়া তথ্যে অভিযুক্তকে শনাক্ত করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম খোকন (৫০)। তিনি উপজেলার বিজয়পুর বাজার সংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভিডিওটি আমাদের নজরে আসার সাথে সাথেই আমরা অ্যাকশনে গিয়েছি। অপরাধীকে আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফুটপাতে আশ্রয় নেওয়া অসহায় এক নারীর ওপর এমন পাশবিকতায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
