

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর মনোহরদী উপজেলার একদুরিয়া ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসিকুর রহমান লিটন ভূঁইয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা।
নিহত মাসিকুর রহমান লিটন ভূঁইয়া বেলাবো উপজেলার বিন্নাবাইদ এলাকার সুরুজ ভূঁইয়ার ছেলে। তিনি বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাবতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একটি প্রোগ্রাম শেষ করে মোটরসাইকেলে করে নরসিংদীর বাসায় ফিরছিলেন লিটন। পথে নোয়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
