রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১১:২৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মাদারীপুরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট বা ডাম্পিং স্টেশন নির্মাণের লক্ষ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২ কোটি টাকা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার চর ব্রাহ্মমদী মৌজায় তিন একর সরকারি খাস জমি পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবণী, পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভায় কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় শহরের বিভিন্ন স্থানে বর্জ্য ফেলা হতো। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। এসব সমস্যা সমাধানে সরকারি খাস জমিতে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় সার্ভেয়ারসহ সংশ্লিষ্টরা জমির সীমানা নির্ধারণ করেন এবং নির্ধারিত স্থানে খুঁটি স্থাপন করে চিহ্নিত করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন আসবে এবং শহরের পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, দীর্ঘদিনের জটিলতা নিরসনের মাধ্যমে ডাম্পিং স্টেশন নির্মাণের পথ উন্মুক্ত হয়েছে। এটি বাস্তবায়িত হলে পরিবেশ দূষণ কমবে, জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে উঠবে। পৌর প্রশাসক জেসমিন আকতার বানু বলেন, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় এতদিন বর্জ্য ব্যবস্থাপনায় নানা জটিলতা ছিল। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে এবং পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনের পর এখন দ্রুত নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
87'
0 - 2
50' Azzedine Ounahi
82' Azzedine Ounahi
World Cup