শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্তমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন
expand
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। দীর্ঘ সময় পর এখন মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করা সম্ভব হচ্ছে। অনেক লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের বিদায় হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, গত নির্বাচনে কুমিল্লার নয়টি সংসদীয় আসনে বিএনপিকে বিজয়ী করায় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞ। তাঁর দাবি, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে এবং এবারও তার ব্যতিক্রম হবে না।

মন্ত্রী বলেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়েছে। এর মাধ্যমে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে ‘স্বপ্নবাজ’ উল্লেখ করে বলেন, তাঁর কাছ থেকে রাজনীতিতে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জন্য একটি বড় প্রকল্প নেওয়া হচ্ছে। কুমিল্লা বিভাগ না হলেও এখানে স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উন্নয়ন–সংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এবার বিএনপি সরকারের আমলে কুমিল্লাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

সমাবেশ সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
36'
0 - 0
World Cup