

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৬০ মি:মি মর্টারের একটি অবিস্ফোরিত গোলা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ান (৩১বিজিবি)।
মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন শিশুর হাতে গোলাটি আসে। পরে তারা সেটি নিরাপদ স্থানে রেখে বিজিবিকে খবর দেয়।
শনিবার (৪ জুলাই) সকালে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়, সীমান্ত পিলার ১১৯৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের একটি নালায় মাছ ধরতে গিয়ে স্থানীয় শিশুরা কাদামাটির ভেতরে গোলাটি দেখতে পায়।
পরে ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. আমজাদ আলী (৩০) শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে গোলাটি নালা থেকে তুলে বাড়ির পাশের নিরাপদ স্থানে রাখেন এবং ভবানীপুর বিওপি ক্যাম্পে খবর দেন।
সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়, সেটি প্রায় ৬০ মিলিমিটার মর্টারের একটি অবিস্ফোরিত গোলা।
নিরাপত্তার স্বার্থে গোলাটিকে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। গোলাটি নিষ্ক্রিয় করতে বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন-নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
বিজিবি আরো জানিয়েছে, বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে গোলাটি নিরাপদে ধ্বংস করার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
