

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কাশিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের ৩৩.৫ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, ঢাকার আশুলিয়া থেকে গাজীপুরের কাশিমপুরের দিকে গাঁজার একটি বড় চালান আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর প্রধান ফটকের সামনে কাশিমপুর থানাধীন এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে শনিবার (৪ জুলাই) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় প্রাইভেটকারের চালক মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) ও রাব্বি খলিফা (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং তিনটি মোবাইল ফোন।
র্যাব জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
