

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দুই শতাধিক চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং লায়ন্স ক্লাব অব ঢাকা লক্ষ্মীপুরের তত্ত্বাবধানে খিলবাইছা এলাকায় অবস্থিত বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রে দিনব্যাপী এ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদিউজ্জামান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন।
বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রের পরিচালক ও সাবেক অতিরিক্ত পরিচালক (এনএসআই) শামসুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের সভাপতি ডা. মো. নজরুল ইসলাম পরান, লায়ন্স ক্লাব অব ঢাকা লক্ষ্মীপুরের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার কাজী জহুরউদ্দীন, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন ইঞ্জিনিয়ার কাজী নিজামউদ্দিন এবং লায়ন চক্ষু হাসপাতাল, ঢাকার চক্ষু বিশেষজ্ঞ ডা. তুষার কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছাড়াও প্রয়োজনীয় চোখের ড্রপ ও অন্যান্য প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়েছে। ছানি শনাক্ত হওয়া শতাধিক রোগীর অপারেশনের সব ব্যয়ও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বহন করা হবে।
বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রের পরিচালক শামসুল আমিন বলেন, ২০০০ সালে পারিবারিক অর্থায়নে প্রতিষ্ঠিত বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এখানে শিশু ও বয়স্কদের জন্য বিনামূল্যে আরবি শিক্ষা, প্রতি মাসে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা, একটি সমৃদ্ধ লাইব্রেরি, ভূমিহীনদের জন্য কবরস্থানের ব্যবস্থা, ইংরেজি স্পোকেন কোর্সসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা এ গ্রামের সন্তান। তাই এলাকার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই এসব উদ্যোগ বাস্তবায়ন করছি।
তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা শিউলি আক্তার বলেন, দরিদ্র মানুষের জন্য এমন বিনামূল্যের চিকিৎসাসেবা অত্যন্ত উপকারী। এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে।
