

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে স্ত্রীর দেওয়া তালাকের বিষয়টি মেনে নিতে না পেরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ১১ নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শান্ত ওই গ্রামের মো. আবুল বাসারের ছেলে। তার দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পরিস্থিতির এক পর্যায়ে স্ত্রী তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি সমাধানের জন্য শনিবার সকালে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক আয়োজনের কথা ছিল।
তবে সালিশ শুরু হওয়ার আগেই নিজ বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শান্তকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ঘটনাটির একটি আবেগঘন দিক নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মৃত্যুর সময় শান্ত তার বুকে স্ত্রীর একটি ছবি ঝুলিয়ে রেখেছিলেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের ধারণা, দাম্পত্য বিরোধ ও তালাকের বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।