শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বন্য হাতির আক্রমণে কাঠশ্রমিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৩:৩০ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ে ভারতীয় বন্য হাতির আক্রমণে জয়নাল (৪০) নামে এক কাঠশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাতের কোনো এক সময় সোমনাথপাড়া এলাকার ১০৮৮ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। শনিবার সকালে বন বিভাগের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত জয়নাল বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মৃর্ধাপাড়া গ্রামের মৃত অনিক মণ্ডলের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে জয়নাল লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে গারো পাহাড়ে যান। রাত পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শনিবার সকালে বন বিভাগের কর্মীরা পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

বালিঝুড়ি রেঞ্জের বন কর্মকর্তা মো. সুরুমন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে বন্য হাতির আক্রমণে জয়নালের মৃত্যু হয়েছে। তিনি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতির মুখোমুখি হন।

এদিকে, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শুরু করেছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, গারো পাহাড়সংলগ্ন এলাকায় প্রায়ই ভারতীয় বন্য হাতির বিচরণ দেখা যায়। জীবিকার তাগিদে পাহাড়ে লাকড়ি সংগ্রহে যাওয়া মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও সচেতনতামূলক উদ্যোগ জরুরি বলে তারা মনে করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup