

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ চান্দুরা-সিঙ্গারবিল-আখাউড়া সংযোগ সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজের মান নিম্নমানের হওয়া, নির্ধারিত নিয়ম অনুসরণ না করা এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও অনুমোদন ছাড়াই কাজ চালানোর অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে বিজয়নগর উপজেলা এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে গিয়ে সংস্কারকাজে বিভিন্ন অনিয়ম দেখতে পান। পরে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং প্রকল্পের সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলার চান্দুরা-সিঙ্গারবিল সড়কের (চান্দুরা আরঅ্যান্ডএইচ-নূরপুর জিসি রোড) আড়িয়ল ব্রিজ থেকে প্রায় সোয়া এক কিলোমিটার অংশের সংস্কারকাজের জন্য ২০২৪ সালের ২৮ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৯৩ লাখ ৬৮ হাজার ৫১২ টাকা।
প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিপা-সাফা এন্টারপ্রাইজ কাজ শুরু করলেও দীর্ঘ সময় কাজ বন্ধ রাখে। পরবর্তীতে পুনরায় কাজ শুরু করলে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এ কারণে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপজেলা এলজিইডি কার্যালয় থেকে প্রতিষ্ঠানটিকে লিখিতভাবে সতর্ক করা হয়।
সূত্র আরও জানায়, প্রকল্পটির প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে প্রকল্পের নির্ধারিত মেয়াদ গত ৩০ মার্চ ২০২৬ তারিখে শেষ হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেয়াদ বৃদ্ধির অনুমোদন নেয়নি। এরপরও তারা সংস্কারকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলজিইডি কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে দেখা যায়, সড়কের নির্ধারিত লেভেল ঠিক না রেখে এবং প্রয়োজনীয় প্রাইম কোট ছাড়াই ধুলাবালুময় পৃষ্ঠে কার্পেটিং করা হচ্ছে। এছাড়া কাজে ব্যবহৃত পাথরসহ অন্যান্য নির্মাণসামগ্রীর মান নিয়েও প্রশ্ন ওঠে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রেখে নির্ধারিত মান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে প্রকল্পের মেয়াদোত্তীর্ণ হওয়া এবং কাজের মানসংক্রান্ত বিষয় উল্লেখ করে ২৪ জুন ২০২৬ তারিখে বিজয়নগর উপজেলা এলজিইডি কার্যালয় নির্বাহী প্রকৌশলী বরাবর পুনরায় একটি প্রতিবেদন পাঠিয়েছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিজয়নগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঞা বলেন, “প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও মেয়াদ বৃদ্ধি না নিয়ে কাজ চালানোর চেষ্টা করা হয়েছে। পাশাপাশি কাজের গুণগত মান বজায় রাখা হয়নি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”