

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, একই রাতে পাশের একটি বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। সেখানে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত একটার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার ধন্দী গ্রামের বাসিন্দা ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এসিল্যান্ড সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)-কে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে আমিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হামলার সময় ডাকাতেরা তাদের কাছ থেকে কোনও মালামাল নিতে পারেননি বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান জানান, ডাকাতেরা চলে যাওয়ার সময় যাকেই সামনে পেয়েছে তাকেই কুপিয়েছে। সহকারী কমিশার(ভূমি) সাকিব হাছান খাঁন বুকে আঘাত পেয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
