

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জীবিকার তাগিদে রাশিয়ায় গিয়ে মাত্র এক মাস ১২ দিনের মাথায় প্রাণ হারালেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক। ড্রোন হামলায় তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতের স্বজনদের অভিযোগ, রাজমিস্ত্রির কাজের কথা বলে তাকে রাশিয়ায় পাঠানো হলেও পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।
নিহত যুবকের নাম মাফল। তিনি মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা এলাকার বানু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মে থেকে মাফল নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন কোনো খোঁজ না পাওয়ার পর রোববার তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছে। পরিবারের দাবি, সম্প্রতি রাশিয়ায় একটি ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন।
স্বজনরা জানান, রাশিয়ায় যাওয়ার পর মাফল বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, তাকে যে কাজে দেওয়ার কথা ছিল, সেই কাজ দেওয়া হয়নি। যুদ্ধের মাঠে পাঠানো হয়েছে।
নিহতের চাচা আনিছ বলেন, ‘আমার ভাতিজা জীবিকার তাগিদে এক মাস ১২ দিন আগে রাশিয়ায় যায়। যে এজেন্সির মাধ্যমে সে গিয়েছিল তারা বলেছিল রাজমিস্ত্রির কাজ দেওয়া হবে। কিন্তু পরে জানতে পারি তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখান থেকে তাকে যুদ্ধের ময়দানে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাই, যেন আর কোনো বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে রাশিয়ায় পাচারের শিকার না হয়। এসব দালালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
নিহতের ভাই আশরাফ বলেন, ‘আমার ভাই এক মাস ১২ দিন আগে রাশিয়ায় গিয়েছিল। আজ জানতে পারলাম সে ড্রোন হামলায় মারা গেছে। সরকারের মাধ্যমে আমরা তার মরদেহ দেশে ফেরত চাই।’
নিহতের বোন আছিয়া বলেন, ‘আমার ভাইসহ প্রায় ৩০ জন বাংলাদেশি একসঙ্গে রাশিয়ায় গিয়েছিল। দালাল চক্র তাদের আর্মি ক্যাম্পে বিক্রি করে দিয়েছে। আমার ভাই অনেক অনুরোধ করেছিল, কিন্তু তারা কোনো কথা শোনেনি। এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে দেওয়া হোক।’
মাফলের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে শুরু হয় আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। প্রতিবেশী ও এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।