

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটি। এখন থেকে পৌরসভার অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া কোনো রিকশা বা ভ্যান সড়কে চলতে পারবে না। অবৈধ ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আগামী মাসের ১ তারিখ থেকে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু হবে।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “যশোর শহরের যানজটের অন্যতম প্রধান কারণ নিয়ন্ত্রণহীন ও লাইসেন্সবিহীন ভ্যান-রিকশা। এখন থেকে পৌরসভার অনুমোদিত গাড়ির পাশাপাশি চালকেরও বৈধ লাইসেন্স থাকতে হবে। শুধুমাত্র লাইসেন্সধারী ব্যক্তিরাই ভ্যান বা রিকশা চালাতে পারবেন।”
তিনি আরও বলেন, “আমরা কাউকে হয়রানি করতে চাই না। তবে শহরের শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় কঠোর হতে হবে। যশোরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
জেলা প্রশাসক জানান, বিষয়টি দ্রুত জনগণকে অবহিত করতে মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি বিআরটিএ, ট্রাফিক পুলিশ ও পৌরসভার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি চালকদের যাচাই-বাছাই করে ৭ থেকে ১০ দিনের প্রশিক্ষণ প্রদান করবে। প্রশিক্ষণ শেষে যোগ্যদের লাইসেন্স দেওয়া হবে।
সভায় পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শহরে প্রবেশপথগুলো চিহ্নিত করে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। কোন সময় কোন রুটে কী ধরনের যান চলবে তা নির্ধারণ করা হবে। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক সৈয়দ রফিকুল হাসান বলেন, পৌরসভার অনুমোদন ছাড়া কোনো ভ্যান-রিকশা সড়কে নামতে পারবে না। আগামী মাসের প্রথম দিন থেকেই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সভায় উপস্থাপিত অপরাধচিত্রে দেখা যায়, ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ আগের তুলনায় কমেছে। তবে কিশোর গ্যাং ও চোরাচালান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, যানজট ব্যবসা-বাণিজ্যের জন্য বড় বাধা। প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “আইন সবার জন্য সমান। সবাই মিলে কাজ করলে যশোর দেশের অন্যতম পরিকল্পিত, আধুনিক ও যানজটমুক্ত শহরে পরিণত হবে।”