

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নদীপথ ব্যবহার করে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
শুক্রবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে রোকনপুর সীমান্তের শূন্যরেখা এলাকায় এ ঘটনা ঘটে। পুশইনের শিকার হওয়া ১৫ জনের মধ্যে দুইজন পুরুষ, আটজন নারী এবং পাঁচজন শিশু ছিল।
১৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপির নিকটবর্তী এলাকায় ভারতের কোটালপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি নৌকাযোগে ওই ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এবং অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। বিজিবির কঠোর অবস্থানের কারণে পুশইনের উদ্দেশ্যে আনা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় ভারতের অংশেই অবস্থান করতে বাধ্য হয়।
পরবর্তীতে বিজিবির জোরালো প্রতিবাদ ও সতর্ক অবস্থানের মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্তসংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।
বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।