

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ছোঁয়া লেগেছে বাংলাদেশে। তবে এ খেলা এখন আর শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সমর্থকদের হৃদয়ে হৃদয়ে। প্রিয় দলকে ভালোবাসার সেই আবেগ কখনো রঙ ছড়ায় বাড়ি, দেয়াল, ছাদসহ অলিগলিতে। পছন্দের দলকে সমর্থন দিতে বিভিন্ন মাধ্যমে বেছে নিয়েছেন ফুটবল প্রেমীরা। তাছাড়া কে ফেভারিট, কে জিতবে তা নিয়ে ঘরে-বাইরে ও চায়ের স্টলে চলছে আলোচনা। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
এদিকে সারাদেশের মতো বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়ও। উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা চান্দপুর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মো. রুবেল মিয়ার ‘ব্রাজিল বাড়ি’ নিয়ে। বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে তিনি দৃষ্টি নন্দন বিশাল বাড়ি ও দেয়ালে ব্রাজিলের পতাকার রঙে হলুদ ও সবুজে রাঙিয়েছেন। পাশাপাশি বাড়ির চারপাশে ব্রাজিলের পতাকা লাগিয়েছেন। শখের বসে তার এই বাড়ির নাম দিয়েছেন ‘ব্রাজিল বাড়ি’। যা এখন পুরো এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্থানীয়দের কাছে এটি এখন একটি পরিচিত দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দূর থেকেই চোখে পড়ে হলুদ-সবুজ রঙে মোড়ানো দৃষ্টিনন্দন বাড়িটি। দেখলেই মনে হবে, ব্রাজিলের কোনো ছোট শহর রয়েছে এই গ্রামটি। প্রতিদিনই বাড়িটির দেখতে আসছেন নানা বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন।
ব্রাজিল বাড়ির মালিক মো. রুবেল মিয়া বলেন, ছোট বেলা থেকেই ব্রাজিলের খেলা আমার কাছে খুবই ভালো লাগে। গত ১০ বছর ধরে বিশ্বকাপ ফুটবল খেলা আসার আগেই পুরো বাড়ির দেয়ালে ব্রাজিলের পতাকার রঙে হলুদ ও সবুজ করা হতো। এবার খেলায় ব্রাজিলের পতাকার আদলে বাড়ির ভবন ও সীমানা দেওয়াল রং করিয়েছি। খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। বাড়ির চারপাশে লাগানো হয় পতাকা ও। রং করতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। অনেকে আসছেন বাড়িটি দেখতে। আমার দৃঢ় বিশ্বাস, এবার বিশ্বকাপ শিরোপা ব্রাজিলের ঘরেই যাবে।
তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ব্রাজিল এক অনন্য নাম। পেলে, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকা নেইমারসহ অসংখ্য কিংবদন্তির জন্ম দিয়েছে দেশটি। ব্রাজিলে অনেকবার বিশ্বকাপ জয়ের গৌরব থাকায় আজও বিশ্বজুড়ে কোটি সমর্থকের আবেগের প্রতীক হয়ে আছে।
ব্রাজিল বাড়ি দেখতে আসা শিক্ষার্থী মো. লিমন মিয়া বলেন, লোকমুখে শুনে এই বাড়িটি দেখতে দেখতে এলাম। যা শুনেছি তা বাস্তবে দেখলাম খুবই সুন্দর হয়েছে। এই বাড়ি দেখেই মনে হবে যেন ব্রাজিলেই আছি। প্রকৃতপক্ষে তিনি একজন একনিষ্ঠ ব্রাজিল ভক্ত।
ব্রাজিল সমর্থক সোহেল রানা বলেন,‘বিশ্বকাপ এলেই আমরা আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে অনেক আনন্দ করি। তিনি যেভাবে নিজের বাড়িকে ব্রাজিলের রঙে সাজিয়েছেন, সেটা সত্যিই ব্যতিক্রম। দূর-দূরান্ত থেকেও মানুষ এই বাড়ি দেখতে আসছেন।’