

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরে নিয়মিত তল্লাশি অভিযান চলাকালে বিএনপির সহযোগী দুই সংগঠনের নেতার সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার পর শহরের খালধার রোড নাঈম মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুন্নবী একজন কনস্টেবলকে নিয়ে তল্লাশি চালানোর সময় সুমন আহমেদ ও রাজিব হোসেন নামে দুই যুবককে তল্লাশির জন্য ডাকেন। তারা নিজেদের পরিচয় দিয়ে জানান, সুমন নগর ছাত্রদলের আহ্বায়ক এবং রাজিব জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য।
এ সময় তল্লাশিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় বলে পুলিশের দাবি। পরে বিএনপির আরও ৮ থেকে ১০ জন নেতাকর্মী ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে কথা বলেন এবং এক পর্যায়ে দুই নেতাকে সেখান থেকে নিয়ে যান।
খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে পরিস্থিতি শান্ত হলে তিনি সেখান থেকে চলে যান।
ইন্সপেক্টর আমানুল্লাহ বলেন, “নিয়মিত তল্লাশি অভিযানে দুই যুবককে তল্লাশির চেষ্টা করা হয়েছিল। তারা নিজেদের বিএনপির পরিচয় দিয়ে তল্লাশিতে আপত্তি জানান। এ নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হয়। পরে অন্যরা সেখানে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”