

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে গোপন মতবিনিময় সভা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার রোসাংগিরী এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এই সভার আয়োজন করা হয়।
এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে এবং অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলা শাখা ছাত্রলীগ এই মতবিনিময় সভার আয়োজন করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সভার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।
ছবিতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’ লেখা ব্যানারের সামনে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতা বক্তব্য রাখছেন।
এ সময় শ্রোতাদের সারিতে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে তারা একটি মিছিলেরও প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
সভাটি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের মাইজভান্ডার-নাজিরহাট সড়কের ‘আশেকানা মাইজভান্ডারী আস্তানা’র বিশ্রামাগারে অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি থানা-পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের এই গোপন সভার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এর আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। এই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াবিল এলাকার শামসুল আলমের ছেলে জামান বাবু (২৩) এবং একই এলাকার তৌহিদুল আলমের ছেলে সাইফুল ইসলাম সজীব (২৫)।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভায় উপস্থিতি শনাক্ত করে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার সাথে জড়িত এবং সভায় উপস্থিত থাকা বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।