বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:২৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) ভোর রাতের দিকে সীমান্তবর্তী কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন (৪২) এবং একই এলাকার মো. শাহীন (২৮)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে বিভিন্ন এলাকায় অবস্থানের পর সর্বশেষ তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করছিলেন তারা। দীর্ঘদিন পর দেশে ফেরার উদ্দেশ্যে বুধবার গভীর রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন তারা।

জানা গেছে, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আহতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময় সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন