

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাইভেটকার ও একটি ভিবাটেকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের আশ্রাফপুর এলাকার কুমারটেক ও মনুরটেক গ্রামের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল-আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) এবং লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে রুবেল শেখ (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভিবাটেকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভিবাটেক চালক রুবেল শেখ, যাত্রী জুনায়েদ শেখ এবং তার মা মাহফুজা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদ শেখকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রুবেল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে শিবপুর থানার বড়ইতলা এলাকায় তার মৃত্যু হয়।
আহত মাহফুজা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, সংঘর্ষের তীব্রতায় ভিবাটেকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনার পর প্রাইভেটকারটিতে কাউকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, স্বজনদের আবেদনের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।