সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যান-লরি সংঘর্ষে নিহত ১

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:৫২ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান
expand
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কাভার্ড ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে এক লরি হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক। উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লরি হেলপারের নাম অন্তর দাস (১৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। আহত কাভার্ড ভ্যান চালকের নাম নুরুল আলম (৪০)।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, রাত সোয়া ২টার দিকে একটি কাভার্ড ভ্যান ঢাকামুখী লেন থেকে ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী লেনে প্রবেশ করছিল। এ সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির লরি কাভার্ড ভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক ও লরির হেলপার কেবিনের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লরির হেলপার অন্তর দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নুরুল আলমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন