শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিডিএর নকশা উপেক্ষা করে ৫ম তলা নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুলের চান্দা পুকুর পাড় এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. মাহবুল আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভবনটির আশপাশে বসবাসরত স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি মাসে সিডিএ থেকে ভবনটির ৪ তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন নেওয়া হয়। তবে প্রায় তিন বছর পর এসে ভবনটির একাংশের মালিক মো. মাহবুল আলম অতিরিক্ত আরও একটি তলা নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির ৫ম তলার নির্মাণকাজ চলমান রয়েছে। যদিও নকশাবহির্ভূত নির্মাণকাজের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে এর আগেও ঝুঁকির লক্ষণ দেখা গেছে। গত বছর ভূমিকম্পের সময় ভবনের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়। এরপরও ভবনটিতে অতিরিক্ত তলা নির্মাণের উদ্যোগ নেওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, “ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ। এখন অতিরিক্ত তলা নির্মাণ করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।”

এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত মো. মাহবুল আলমের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয়রা দ্রুত ভবনটির ৫ম তলার নির্মাণকাজ বন্ধ করে ভবনটির নিরাপত্তা যাচাইসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, ভূমিকম্প কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন